কাশী কুমার দাশ
জুলাই ৭, ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
আইনের চোখে সবাই সমান এবং অসহায় ও অস্বচ্ছল মানুষ যাতে ন্যায্য বিচার পান, তা নিশ্চিত করতে দিনাজপুরে আইনি সহায়তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের শহিদ হোসেন-জগন্নাথ সম্মেলন কক্ষে এই সভা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম।
তিনি বলেন, অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে। গত এক মাসে ১৩৮টি মামলা নিষ্পত্তির তথ্য তুলে ধরে তিনি বলেন, আইনি সহায়তার মাধ্যমে মানুষ আদালতের মাধ্যমে বিনামূল্যে ন্যায়বিচার পাচ্ছেন। তিনি সবাইকে লিগ্যাল এইড অফিসে এসে আইনি সেবা গ্রহণের আহ্বান জানান।
পল্লীশ্রী, মানুষের জন্য ফাউন্ডেশন ও নারী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন পল্লীশ্রীর ম্যানেজার ও জেন্ডার অ্যান্ড জাস্টিস শামসুন নাহার। সভার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক নারীদের আইনি অধিকার সুরক্ষা ও আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজতর করা।অনুষ্ঠানে সিএসও প্রকল্পের ফোকাল পার্সন শামীমা পপির সঞ্চালনায় নারী ক্লাবের সদস্যরা তাদের আইনি সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী রৌনক আরা হক নিপা। বক্তারা বলেন, প্রান্তিক নারীদের অধিকার রক্ষায় সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। আইনি সহায়তা সম্পর্কে নারীদের সচেতন করা এবং তাদের অধিকার আদায়ে সরকারি দপ্তরগুলোকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।