রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জবরদখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মো: মামুনুর রশিদ

জুলাই ৮, ২০২৬, ০৬:৫৪ পিএম

দিনাজপুরে জবরদখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে সম্পত্তি জবরদখল, ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টি সংলগ্ন সড়কে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক দখল, পার্টি সেন্টারে সশস্ত্র হামলা এবং ব্যাপক লুটপাটের ঘটনায় তারা আতঙ্কিত। আইনের শাসন প্রতিষ্ঠা ও ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তার দাবিতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কর্মসূচি থেকে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়: প্রথমত, হামলাকারী ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, দায়েরকৃত মামলা ও হয়রানিমূলক মিথ্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তৃতীয়ত, ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সশস্ত্র হামলা ও সম্পত্তি দখল আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি জানিয়ে অংশ নেন।