মোঃ ইউসুফ আলী
জুলাই ৯, ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।দিনব্যাপী আয়োজনে সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসূল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রানীর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।