বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৬, ১০:০৮ পিএম

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগডাঙ্গা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পাতা খেলার জমকালো উদ্বোধন। গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং স্থানীয় মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই খেলার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশ ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই আয়োজনকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, গ্রামীণ খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব খেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের পরিচয় তুলে ধরা সম্ভব। তিনি এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। তিনি তার বক্তব্যে গ্রামীণ জনপদের ঐক্য বজায় রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও যুবদল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ইসলাম, সাংবাদিক উত্তম শর্মা এবং সাইফুল্লাহ সাইফ। বক্তারা স্থানীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজনটিকে কেন্দ্র করে বিকেলে মাঠের চারপাশে উৎসুক দর্শকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বয়সের মানুষ এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন। আবহমান বাংলার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বীরগঞ্জের এই আয়োজনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। গ্রামীণ খেলার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।