বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

মোজাম্মেল হক

জুলাই ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

বীরগঞ্জে মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ ও বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে ইউনিয়নটিকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা করা হয়। 

এ সময় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে লাল কার্ড প্রদর্শন করেন এবং শিশুশ্রম বন্ধের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের কারণে সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয় এবং শিশুশ্রমের কারণে শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও শারীরিক বিকাশে মারাত্মক ব্যাঘাত ঘটে। শিশুশ্রম ও বাল্যবিবাহের কারণে শিশুরা একটি সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, কাজী মো. জামিনুল ইসলাম, ইমাম কারী হাসানুল রহমান, পুরোহিত পরিমল চন্দ্র রায়, ইউপি সদস্য মোশারফ হোসেন, সোহেল, আবু তাহের মিয়া, সংরক্ষিত আসনের সদস্য রোজিনা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাধন দাস ও জুনিয়ার প্রোগ্রাম অফিসার মুক্তা রায়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।