জুলাই ১৬, ২০২৬, ০৮:১২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে এই বিশেষ আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার উল্লাস মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মো. রাশেদুন নবী বাবু।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মো. আজিজুর রহমান।বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মো. নাজমূল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. সামাউন কবীর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, মো. লুৎফর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুর শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মনজুরুল ইসলাম।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত, আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন