বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ১০:৫১ পিএম

দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাব উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা পুলিশ সদস্যদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এই ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. জায়দান আল মুসা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই যন্ত্রপাতি ও ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জায়দান আল মুসা বলেন, পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। এই ল্যাব চালুর ফলে পুলিশ সদস্যরা এখন থেকে বিনামূল্যে ইসিজি এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করাতে পারবেন। এতে দ্রুত রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ তাদের জন্য সহজ ও দ্রুততর হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সক্ষমতা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার নতুন ল্যাবরেটরির কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সঠিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন। আধুনিক এই চিকিৎসা সুবিধা পুলিশ সদস্যদের জন্য এক বিশেষ প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, 

জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।উল্লেখ্য, ল্যাবটি চালুর মাধ্যমে জেলা পুলিশ হাসপাতাল তার স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি করল, যা মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।