জুলাই ২৯, ২০২৬, ১২:৫৩ এএম
দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৪৪টি শিল্প কারখানা বেসরকারীকরণের অপচেষ্টার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদ এবং এলাকার সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তায় এসে মানববন্ধনে রূপ নেয়।
শিল্প প্রতিষ্ঠান রক্ষার দাবিতে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন যে, ২০২০ সালের ১ ডিসেম্বর ফ্যাসিস্ট সরকারের আমলে চিনিকল এলাকার সংসদ সদস্য ও মন্ত্রীদের প্ররোচনায় এই অঞ্চলের বিপুল সম্পত্তি ও মূল্যবান জমি দীর্ঘ মেয়াদের জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।
সেই সময় থেকেই শ্রমিক-কর্মচারীরা এর প্রতিবাদে আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত টাস্কফোর্সের সুপারিশ ও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিনিকলগুলো আধুনিকায়ন করে পর্যায়ক্রমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এসে হঠাৎ করে কেন দেশের ৪৪টি শিল্প কারখানা বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তারা।
শ্রমিক নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই সেতাবগঞ্জ চিনিকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে না। একটি চক্র বর্তমান গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলতে এবং হাজার হাজার শ্রমিককে কর্মহীন করে তুলতে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা।
সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক মো. বদরুজ্জোহা বাপচির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপত্র জুলাই যোদ্ধা মো. ফয়সল মোস্তাক, শ্রমিকদল নেতা মো. শহিদুল ইসলাম, মইনুল ইসলাম স্বাধীন, মহিলা দল নেত্রী রাশেদা খানম, জামায়াত নেতা মো. নূর আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার লিমন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড এই চিনিকলটি দ্রুত আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ চালুর জোরালো দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন