জুলাই ২৯, ২০২৬, ০৪:০৩ পিএম
দিনাজপুরের মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বাস চালক ও পরিবহন শ্রমিকদের জন্য প্রযুক্তিভিত্তিক ও সহজলভ্য চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি নতুন ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিশন সেন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও গুড পিপুল ইন্টারন্যাশনাল নামক সংস্থার সহযোগিতায় এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী এবং বিশেষ করে পরিবহন খাতের কর্মীরা উন্নত ও মানসম্মত চক্ষু সেবা সহজে গ্রহণ করতে পারবেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য একজন চালকের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জাপুরের এই ভিশন সেন্টার পরিবহন শ্রমিকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও সুচিকিৎসার সুযোগ তৈরি করবে, যা সার্বিক সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে জোরালো ভূমিকা রাখবে।
দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক ড. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক নিরাপত্তায় চালকের দৃষ্টি সুরক্ষা অত্যন্ত জরুরি। নিয়মিত চক্ষু পরীক্ষা সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শামসুল কবীর, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, গুড পিপুল ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মিনহাজ আহমেদ, হাসপাতালের পরিচালক শরীফুজ্জামান পরাগ, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ জানান, এই ভিশন সেন্টারে অরবিসের বিশ্বখ্যাত টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। এর মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করতে পারবেন, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতাল কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুল ইসলাম। এ সময় বাস ড্রাইভার আই স্ক্রিনিং প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের ভারপ্রাপ্ত প্রশাসনিক ব্যবস্থাপক মো. সাজেদুর রহমান ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্টের মো. ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন