আগস্ট ৬, ২০২৬, ০২:৫২ পিএম
দিনাজপুরে দলিত সম্প্রদায়ের অধিকার ও সরকারি পরিষেবায় তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে একটি বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা বা জেএসকেএসের ব্যবস্থাপনায় এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় দলিত ইয়থ ফর ডিগনিটি প্রকল্পের আওতায় এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সেবাদাতা ও প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে বিভিন্ন অধিকারভিত্তিক বিষয়ে আলোচনা করা হয়।সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ টি এম নজমুল হুদা।
এছাড়া দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালও অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেএসকেএসের প্রকল্প সমন্বয়কারী মর্জিনা রুপা।গণশুনানি অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা সেবাদাতা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট সরাসরি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে মাধব চন্দ্র, হরিদেব, রাজকুমার, চম্পা রানী, রাসমনি, প্রশান্ত শীন ও মালতি রানী রায় তাদের নানা বঞ্চনার চিত্র তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল উল্লেখ করেন যে দীর্ঘকাল ধরে বৈষম্যের শিকার হলেও দলিত জনগোষ্ঠী বাস্তবে কাঙ্ক্ষিত সরকারি সেবা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।সম্মানিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এই ধরনের সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন