আগস্ট ১৮, ২০২৬, ১১:৪৫ পিএম
পেশাগত সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে সাত দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি দিনাজপুর জেলা শাখা। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর উদ্দেশে লেখা এই স্মারকলিপিটি গ্রহণ করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাবিবুল হাসান। সমিতির জেলা শাখার সভাপতি এ কে এম ফেরদৌস আখতার ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এটি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি পাঁচ হাজার টাকা সম্মানি নির্ধারণ করা। এছাড়া লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্যদের দিয়ে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধ করার দাবি জানানো হয়েছে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ করা এবং সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণের কথাও বলা হয়েছে স্মারকলিপিতে।
পাশাপাশি, পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি চাওয়া হয়েছে।স্মারকলিপিতে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে দলিল লেখকদের অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সব কর্মসূচি বাস্তবায়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এর আগে গত বছরগুলোতেও এসব দাবি আদায়ে তারা বিভিন্ন সময় সভা-সমাবেশ করেছেন বলে নথিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানের আগে মঙ্গলবার সকালে জেলার ১৩টি উপজেলার দলিল লেখকদের অংশগ্রহণে রেজিস্ট্রি অফিস থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা শাখার সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম ও মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন