বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ১৯, ২০২৬, ০৮:০৭ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এই বিশেষ খেলার আয়োজন করা হয়।আজ বুধবার বিকেলে উপজেলার চার নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজার মাঠ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

চার নম্বর পাল্টাপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই খেলাকে ঘিরে পুরো সনকা বাজার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা উপভোগ করতে শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ মাঠে ভিড় জমান। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রচুর দর্শক খেলা দেখতে উপস্থিত হন, যা গ্রামীণ মেলা বা উৎসবের আমেজ তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।এছাড়া সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান মিজু, ব্যবসায়ী মো. আলিম আল রাজি এবং চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আধুনিকতার স্পর্শে গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। এই ধরনের খেলাধুলার আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি অনুরাগী করে তুলবে এবং গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলা শেষে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।