বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: দিনাজপুরে উদ্বোধন

মো: মামুনুর রশিদ

আগস্ট ২২, ২০২৬, ১২:৫৬ পিএম

সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: দিনাজপুরে উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কুঠিবাড়ী ব্যাপ্টিস্ট চার্চ মিলনায়তনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান। প্রশিক্ষণে দিনাজপুর পৌরসভা ও আশপাশের চারটি ইউনিয়নের ৭৫ জন সিবিও সদস্য অংশ নেন।সদস্যদের দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দশের লাঠি একের বোঝা প্রবাদটি সমবায়ের ক্ষেত্রে শতভাগ সত্য। সমবায়ের মাধ্যমে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সিবিও সদস্যরা আরো সচেতন ও সংগঠিত হতে পারেন। সদস্যদের স্বনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এমন প্রশিক্ষণ নিয়মিত প্রয়োজন। উপজেলা সমবায় অফিসার মো. জয়নাল আবেদিন প্রশিক্ষণে সমবায় নীতিমালা, রেজিস্ট্রেশন ও হিসাবরক্ষণ পদ্ধতিসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দিনব্যাপী আলোকপাত করেন।

ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন জানান, এই প্রশিক্ষণ সিবিও সদস্যদের দক্ষ করে তোলার পাশাপাশি তাদের পূর্বের তুলনায় আরও সংগঠিত হতে সাহায্য করবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসারবৃন্দ। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, অর্জিত দক্ষতা অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে।