বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা

এনামুল মবিন(সবুজ)

আগস্ট ৩১, ২০২৬, ০৬:৩৪ পিএম

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সবুজ রায় নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের একটি কলার বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরিহিত টি-শার্টে হাতে লেখা একটি রহস্যজনক বার্তা পাওয়া গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের পরিহিত টি-শার্টে কলম দিয়ে মৃত্যুর ইঙ্গিতপূর্ণ বার্তা লেখা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফতেজংপুর ট্রিলিয়ন গোল্ড লিমিটেড নামক কারখানার উত্তরের একটি কলার বাগানে ঝুলন্ত অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সবুজ রায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের নাতিপপাড়া এলাকার সুনীল চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের সুবাদে প্রায় দুই বছর আগে রাজাপুর গ্রামের কৃষ্ণা রায়কে বিয়ে করলেও তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। নিহতের মা অভিযোগ করেছেন যে দাম্পত্য কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।