বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হাজারো দর্শকের ভিড়ে জমে উঠল বীরগঞ্জের পাতা খেলা

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ৩১, ২০২৬, ০৭:৩৭ পিএম

হাজারো দর্শকের ভিড়ে জমে উঠল বীরগঞ্জের পাতা খেলা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাকড়াই শালবন মাঠে মাকড়াই যুব সমাজের আয়োজনে জমজমাট এই খেলা সম্পন্ন হয়। মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়। খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা শুরু হতেই মাকড়াই শালবন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বিভিন্ন বয়সী দর্শনার্থী ও খেলাপ্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমিয়ে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। 

এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহণকারীদের সাবলীল প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। দর্শকরাও হাততালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আক্কাস আলী। পুরস্কার বিতরণকালে তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।