সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৮:১৮ পিএম
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের বাসুনিয়াপট্টি মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
শোভাযাত্রা শুরুর আগে সম্প্রতি নদীতে ডুবে মর্মান্তিক পরিণতি বরণকারী তরুণ স্বাক্ষর কুন্ডু টয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা উপস্থিত সবার মাঝে এক গভীর আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিশিষ্ট সাংবাদিক ও উদযাপন পরিষদের সদস্য চিত্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার চক্রবর্তী।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঢাক-ঢোল, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং নামসংকীর্তনের সুমধুর তালে মুখরিত হয়ে ওঠা শোভাযাত্রাটি বাসুনিয়াপট্টি মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মন্দিরে এসে শেষ হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে শোভাযাত্রার পুরো সময়জুড়ে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সন্ধ্যায় বিশেষ পূজা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন