সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:০৩ পিএম
একটি শিশুর সুস্থ হৃদয় একটি পরিবারে হাসি স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হৃদরোগ স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেছে চীনের একটি বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজি চিকিৎসক দল। চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের অধীনস্থ চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের এই বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সাইনিং লাইফ স্কুল পরিদর্শন করে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন করে।
আন্তর্জাতিক এই বিশেষজ্ঞ দলটির সার্বিক কার্যক্রম দিনাজপুর ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলে। পরিদর্শনকালে চিকিৎসক দলটি সাইনিং লাইফ স্কুলে অধ্যয়নরত বিশেষ শিশুদের অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং সমন্বিত পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রাতিষ্ঠানিক কার্যক্রম পর্যালোচনার পর স্কুলটির ১৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হৃদরোগের প্রাথমিক স্ক্রিনিং বা পরীক্ষা সম্পন্ন করা হয়। এই বিশেষ পরীক্ষার মাধ্যমে এক শিশুর হৃদ্যন্ত্রে সম্ভাব্য কার্ডিওলজি জটিলতা শনাক্ত করেন চিকিৎসকেরা। তাৎক্ষণিকভাবে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ব্রেইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং চীনের ফুওয়াই হাসপাতালের যৌথ সহযোগিতায় ওই বিশেষ শিশুর প্রয়োজনীয় সব ধরনের আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এই পদক্ষেপকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত আশাব্যঞ্জক এবং একটি অনন্য মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন তিনি। এই চিকিৎসা কার্যক্রমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সরাসরি যুক্ত থেকে কারিগরি ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দিয়েছে।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার সারোয়ার মোর্শেদ এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া সব বিশেষজ্ঞ চিকিৎসক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং চীনের ফুওয়াই হাসপাতালের বিশেষজ্ঞ টিমকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এই আন্তর্জাতিক চিকিৎসক দলের সার্বিক সমন্বয় ও কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী।
দিনাজপুর শহরস্থ গাওসুল আযম চক্ষু হাসপাতালের বিপরীতে অবস্থিত ব্রেইন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হৃদরোগসহ বিভিন্ন ধরনের জটিল স্বাস্থ্যসেবা ও থেরাপি নিয়মিতভাবে প্রদান করে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন