জাহিদ হাসান
অক্টোবর ৩, ২০২৬, ১১:৪৩ এএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার আট নম্বর ভোগনগড় ইউনিয়নের কবিরাজহাট এলাকার ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার এবং কাঁচাবাজারে এই কার্যক্রমের সূচনা করা হয়। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য কবিরাজহাট ধানহাটি, স্থানীয় ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে সরাসরি কথা বলেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কেবল লোকদেখানো বা আনুষ্ঠানিক অভিযান চালিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়।
ব্যবসায়ীদের নিজ উদ্যোগে চারপাশ পরিষ্কার রাখতে হবে। বক্তব্যে তিনি বলেন, ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। সবাই দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন। এছাড়া উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।