সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মোটর শ্রমিক ইউনিয়নের অনুদান ১১ পরিবারকে ৫.২৫ লক্ষ টাকা সহায়তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৫২ পিএম

মোটর শ্রমিক ইউনিয়নের অনুদান ১১ পরিবারকে ৫.২৫ লক্ষ টাকা সহায়তা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১১৬৭) শ্রমিক কল্যাণে গৃহীত মানবিক উদ্যোগের অংশ হিসেবে এককালীন অনুদান প্রদান করেছে। শনিবার (২৫ অক্টোবর) ইউনিয়নের স্থায়ী কার্যালয়ের মিটিং রুমে এই অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে ১০ জন মৃত শ্রমিকের পরিবার এবং ১ জন জীবিত শ্রমিকের হাতে মোট ৫ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহায়তা শ্রমিকদের প্রতি ইউনিয়নের দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। এর আগে গত ১০ সেপ্টেম্বর ৩০টি শ্রমিক পরিবারকে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছিল। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই ধারাবাহিক সহায়তা কার্যক্রম তাদের শ্রমিকবান্ধব নীতির অংশ হিসেবেই বাস্তবায়ন হয়ে আসছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মোঃ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মোঃ খোকন, মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু ও মোঃ সৈয়দ খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং প্রয়োজনে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ইউনিয়ন নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "এই আর্থিক সহায়তা পরিবারগুলোর জন্য শুধু আর্থিক সাহায্য নয়, বরং একটি সামাজিক নিরাপত্তা বলয়ের অংশ হিসেবেও কাজ করছে। শ্রমিকদের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটি শুধু অর্থ সহায়তা নয়, বরং শ্রমিকদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন।"

সহায়তাপ্রাপ্ত শ্রমিক পরিবারগুলো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলে, “এই অনুদান আমাদের কষ্টের দিনে আশার আলো দেখিয়েছে। আমরা চাই, ইউনিয়নের এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হোক।”