শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, গিনেস রেকর্ডের পথে এসিআই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৬:২৫ পিএম

দিনাজপুরে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, গিনেস রেকর্ডের পথে এসিআই

একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস বুক অব রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির পথে নতুন মাইলফলক স্থাপন করেছে এসিআই মটরস।

সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ট্রাক্টর হস্তান্তর করা হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপনের পুরস্কার বিতরণসহ মেগা-ইভেন্টটিতে নানা আয়োজন ছিল।

এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, এসিআই মটরস দিনাজপুরের ডিলার মেসার্স জাফর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আরসাদ আলী খানসহ এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলার ডিলাররা।

আয়োজকরা জানান, সোনালিকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এসিআই মটরস লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে। এই সাফল্য উদযাপন ও কৃষিতে নতুন উদ্দীপনা তৈরিই এই আয়োজনের উদ্দেশ্য।

তারা আরও বলেন, "কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও, এ খাতে উদ্যম ও উৎসাহের ঘাটতি লক্ষণীয়। দেশের কৃষির উন্নয়ন, কৃষকদের উদ্দীপনা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের লক্ষ্য। এই বিশ্ব রেকর্ড দেশের কৃষকদের প্রতি এসিআই মটরসের একটি গৌরবময় উপহার।"

ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণের এই ঐতিহাসিক অভিযাত্রায় এসিআই মটরস লিমিটেড নিবেদিত থাকবে বলে আয়োজকরা জানান।