অক্টোবর ২৯, ২০২৫, ০৯:০৩ পিএম
দিনাজপুরে শেষ হলো দুই দিনব্যাপী “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও খেলাধুলার প্রসারের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর সদর উপজেলা দল।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলার ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সদর উপজেলা দল ১-০ গোলে পার্বতীপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনাজপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। টুর্নামেন্টে জেলার সদর, বোচাগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুর— এই চারটি উপজেলা দল অংশ নেয়।
উদ্বোধনী দিনে প্রথম সেমিফাইনালে ফুলবাড়ী উপজেলা ও পার্বতীপুর উপজেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে পার্বতীপুর। দ্বিতীয় সেমিফাইনালে সদর উপজেলা ও বোচাগঞ্জ উপজেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করলে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় সদর উপজেলা দল।
চূড়ান্ত খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জুলাই আন্দোলনে শহীদ সুমন পাটোয়ারীর পিতা ওমর ফারুকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মাজেদুর রহমান, সোহেল রানা ও আহসান হাবীব। চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন খায়রুল আমীন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন