বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ।

এই সভায় দেশের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে এই বিশাল বরাদ্দ প্রদান করা হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি সময় বর্ধিত প্রকল্প রয়েছে।

প্রকল্প ব্যয়ের বিশাল এই অংকের বড় অংশ অর্থাৎ ৩২ হাজার ১৮ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ হিসেবে। বাকি ১০ হাজার ৮৮১ কোটি টাকা সরকারি তহবিল এবং ২ হাজার ২৯১ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে। 

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ এবং চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কার্যক্রম অনুমোদন পায়। এছাড়া রেলওয়ে খাতে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে।

বিশেষ উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিংভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। স্বাস্থ্য খাতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সংশোধনীও সভায় অনুমোদিত হয়। পানি সম্পদ খাতে নদী ড্রেজিং ও আড়িয়াল বিল এলাকার জীবনমান উন্নয়নে ছয়টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় অর্থ, পরিকল্পনা, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।