জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২০ পিএম
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের স্বর্ণের দামও সমানুপাতিক হারে বাড়ানো হয়েছে।
স্বর্ণের নতুন মূল্য তালিকা (২৭ জানুয়ারি থেকে কার্যকর):
২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা (প্রতি ভরি)।
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৫০৭ টাকা (প্রতি ভরি)।
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা (প্রতি ভরি)।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা (প্রতি ভরি)।
বাজুস আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে। এর আগে গত ২৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা করা হয়েছিল। একদিন পার হতে না হতেই আরও ৫ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় গহনা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন