শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দেশে স্বর্ণের দামে বড় লাফ কেন বাড়ছে স্বর্ণের দাম?

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩৩ পিএম

দেশে স্বর্ণের দামে বড় লাফ কেন বাড়ছে স্বর্ণের দাম?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। টানা দুই দফায় কমানোর পর এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। 

২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বর্তমানে স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে জুয়েলার্স মালিকদের এই সংগঠনটি। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। 

আজ শনিবার সকাল থেকেই রুপার এই নতুন দাম বাজারে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সরবরাহ ও দামের অস্থিরতার কারণে অভ্যন্তরীণ বাজারে এই পরিবর্তন আনতে হয়েছে। এর আগে টানা দুই দফায় দাম কিছুটা কমিয়েছিল বাজুস, যা সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছিল। তবে নতুন এই দাম বৃদ্ধির ফলে বাজারে ফের চাপের সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।