শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৯ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

স্বর্ণের নতুন বাজারদর

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। আজ সোমবার সারাদেশে নতুন এই দরেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এর আগে গত শনিবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয়। 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য পরিবর্তনের প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের জন্য ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এর পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। তবে স্বর্ণের এই মূল্যের সাথে ক্রেতাদের বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত পরিশোধ করতে হবে। 

গয়নার নকশা ও মান অনুযায়ী এই মজুরির তারতম্য হতে পারে।বাজুসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম এক দফায় বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। 

তার ঠিক কয়েকদিনের মাথায় আবারও বড় অংকের এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। উল্লেখ্য যে, গত ২০২৫ সালেও দেশের বাজারে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এই দাম নিয়মিত ওঠানামা করছে।