মে ১৯, ২০২৬, ০৬:৪০ পিএম
কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন বিধিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সাময়িকভাবে প্রথমবার কোনো কার্ড মোবাইল ব্যাংকিং হিসাবে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এই সংক্রান্ত একটি জরুরি সার্কুলার দেশে কর্মরত সকল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।এই সফল টোকেন লেনদেন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি মোবাইল ব্যাংক হিসাবের সঙ্গে সংযুক্ত হবে।
এরপরই গ্রাহক সেই কার্ড থেকে নিয়মিত অ্যাড মানি বা টাকা স্থানান্তর করতে পারবেন। তবে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত হওয়া সাপেক্ষে এই টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে নিয়মিত লেনদেনের সুযোগ মিলবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে কার্ড থেকে এমএফএস হিসাবে অ্যাড মানি করার এই পুরো প্রক্রিয়াকে এখন থেকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রতিবার লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড-ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নতুন কারিগরি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে আগামী ১ আগস্ট থেকে কার্ড হতে এমএফএস হিসাবে অ্যাড মানি সুবিধা সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয় যে এমএফএস ব্যক্তিক হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার নং-০৫/২০২৫ এর বিদ্যমান পুরনো সব নির্দেশনা যথারীতি বহাল থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন