বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে ফের বড় পতন স্বর্ণের দামে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৩:১১ পিএম

আন্তর্জাতিক বাজারে ফের বড় পতন স্বর্ণের দামে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধির আশঙ্কা এবং মূল্যস্ফীতির চাপের কারণে এই দরপতন ঘটেছে। শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে যায়।এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৮২ দশমিক ৪৭ ডলারে নেমে এসেছে।

এই পতনের ফলে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ কমার পথে রয়েছে। তবে আগামী আগস্ট মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৩ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বাতিল এবং শান্তি চুক্তির ইঙ্গিতে দাম কিছুটা ঘুরে দাঁড়ায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্সের বিশেষজ্ঞ এডওয়ার্ড মেইর জানান যে স্বর্ণের বাজার এখন পুরোপুরি ভূরাজনৈতিক পরিস্থিতির খবরের ওপর নির্ভর করছে। ফেডারেল রিজার্ভ যদি সুদহার বাড়ানোর চূড়ান্ত ইঙ্গিত দেয় তবে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচেও নেমে যেতে পারে। মূলত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। জ্বালানি পণ্যের দাম বাড়ায় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ স্তরে রাখতে পারে বলে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন।

এদিকে মে মাসে যুক্তরাষ্ট্রে উৎপাদক পর্যায়ের মূল্যসূচক প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় বার্ষিক মূল্যবৃদ্ধি সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্যমতে আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে নিউইয়র্কভিত্তিক এসপিডিআর গোল্ড ট্রাস্টের স্বর্ণ মজুত শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯২৩ দশমিক ৮৯ মেট্রিক টনে নেমেছে। বিশ্ববাজারের এই অস্থিরতায় এএনজেড ব্যাংক বছরের শেষ নাগাদ স্বর্ণের মূল্য লক্ষ্যমাত্রা ৪০০ ডলার কমিয়ে ৫ হাজার ۲۰۰ ডলার নির্ধারণ করেছে।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭৮ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭২৫ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৯০ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে, যা সপ্তাহজুড়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধির রেকর্ড।

তথ্যসূত্র: রয়টার্স