শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
উচ্চ সুদের চাপ

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটির প্রণোদনা ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১১:২১ এএম

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটির প্রণোদনা ঘোষণা

ব্যাংকঋণের উচ্চ সুদের চাপ কমিয়ে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বর্তমান সুদহার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় ব্যবসায়ীদের এই সংকট মোকাবিলায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা এখন থেকে সহজ হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্যাকেজ বাস্তবায়নের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বেসরকারি খাতে গতি ফেরানোর লক্ষ্যে আয়োজিত এই সভায় ব্যবসায়ী, চেম্বার নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন গভর্নর। তিনি জানান, দেশের তরুণদের উৎসাহ ও উদ্দীপনাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে ‘উদ্যোগ’ নামে নতুন একটি স্কিমের পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করা হবে। মোট পাঁচ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্কিমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা।

কৃষি খাতে ঋণপ্রাপ্তি সহজ করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এতে প্রকৃত ও প্রান্তিক কৃষক আরও বেশি সুবিধা পাবেন। এছাড়া উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিকে গতিশীল করতে তিন হাজার কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন স্কিমের কথা উল্লেখ করেন গভর্নর।

এই অর্থায়ন কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো কৃষি-মূল্য-শৃঙ্খলকে আরও কার্যকর ও গতিশীল করতে ভূমিকা রাখবে।