সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

পান রপ্তানি নিয়ে ‘সুখবর’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১০:২৪ এএম

পান রপ্তানি নিয়ে ‘সুখবর’

পান রপ্তানি

বাংলাদেশ থেকে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির বাধ্যতামূলক প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত দিয়েছিলেন হাইকোর্ট, তার কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই স্থগিতাদেশ প্রদান করেন। এই আদেশের মধ্য দিয়ে পান রপ্তানিতে তৈরি হওয়া সাম্প্রতিক আইনি জটিলতার অবসান ঘটেছে।

এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে গত ৬ আগস্ট হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে, সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে কোনো পান বিদেশে রপ্তানি করা যাবে না। ওই আদেশের কারণে সাধারণ রপ্তানিকারকদের জন্য সমিতির অনুমোদন বা প্রত্যয়নপত্র গ্রহণ একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে কার্যকর হয় এবং রপ্তানি প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরি হয়। উচ্চ আদালতের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আনুষ্ঠানিক লিভ টু আপিল দায়ের করে।

উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের ৬ আগস্টের নির্দেশনার ওপর স্থগিতাদেশ জারি করেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের চেম্বার বিচারপতির এই সিদ্ধান্তের ফলে পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের আরোপিত শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে এবং পণ্যটি বিদেশে পাঠানোর সাধারণ পথ উন্মুক্ত থাকবে।

আদালতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, যেখানে তাকে সহায়তা করেন মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী মো. তাজুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল এবং আইনজীবী ফয়সাল মোহাম্মদ ফায়েজী।