বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ইতিহাসে প্রথম, বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩৯০০ ডলার ছাড়াল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৩:১৩ পিএম

ইতিহাসে প্রথম, বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩৯০০ ডলার ছাড়াল

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুটির দাম প্রতি আউন্সে ৩ হাজার ৯০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী হওয়ায় এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ভবিষ্যৎ মূল্য ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৫৪ ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানি ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার মতো একাধিক কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, কম সুদের হারের পরিবেশে স্বর্ণই বর্তমানে সবচেয়ে লাভজনক ও নিরাপদ বিনিয়োগ।

উল্লেখ্য, ২০২৪ সালে স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছিল এবং চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, ডলারের দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাও এই দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে; স্পট সিলভার ৪৮.৫৩ ডলার এবং প্লাটিনাম ১,৬২৩ ডলারে পৌঁছেছে।