অক্টোবর ৬, ২০২৫, ০৭:৩০ পিএম
দেশের বাজারে আবারও বাড়ল মূল্যস্ফীতির চাপ। গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। আগের মাস অর্থাৎ আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। তবে গত বছরের সেপ্টেম্বরের (৯.৯২%) তুলনায় মূল্যস্ফীতির হার কম রয়েছে।সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। আগস্টে যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ, সেপ্টেম্বরে তা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ৭ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও ৮ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৯৮ শতাংশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কিছুটা কম। সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশে, যেখানে শহরে এই হার ৮ দশমিক ২৮ শতাংশ। খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় ক্ষেত্রেই গ্রামের মানুষকে শহরের মানুষের চেয়ে বেশি মূল্যস্ফীতির চাপ সহ্য করতে হচ্ছে।
টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের ওপর চাপ অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন