বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ডিজিটাল ন্যায়বিচার ও নাগরিক ক্ষমতায়নে ‍‍`সিভিকশিল্ড‍‍` ওয়েবসাইটের যাত্রা শুরু

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ১৭, ২০২৫, ১২:৩৬ পিএম

ডিজিটাল ন্যায়বিচার ও নাগরিক ক্ষমতায়নে ‍‍`সিভিকশিল্ড‍‍` ওয়েবসাইটের যাত্রা শুরু

ছবি-দিনাজপুর টিভি

দেশব্যাপী ডিজিটাল অংশগ্রহণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'সিভিকশিল্ড' (CivicShield) নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে জলবায়ু, মানবাধিকার ও উন্নয়নমূলক সংগঠন এরাইজ ফাউন্ডেশন। রবিবার (১৬ নভেম্বর) রাতে প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দীর্ঘদিনের গবেষণা ও কমিউনিটির বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করে গড়ে তোলা এই প্ল্যাটফর্মটি নাগরিক ক্ষমতায়ন ও ডিজিটাল ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ওয়েবসাইটটিতে প্রান্তিক ও আদিবাসী কমিউনিটির বাস্তব অভিজ্ঞতার গল্প, অডিও ভিত্তিক মানবিক সাক্ষ্য, তথ্য, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ডিজিটাল অধিকার সম্পর্কিত নানা নির্দেশনা রয়েছে। সিভিকশিল্ড এমন একটি ডিজিটাল পরিসর তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে নাগরিকদের কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্বোধনী বার্তায় সিভিকশিল্ডের পক্ষ থেকে জানানো হয়, "এই প্ল্যাটফর্ম মানুষের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্থান হিসেবে কাজ করবে। এখানে প্রত্যেকের কথা শোনা হবে এবং ডিজিটাল জগতে তারা তাদের ক্ষমতা অনুভব করতে পারবেন। এটি ব্যক্তিগত, নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।"সিভিকশিল্ডের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর কথা তুলে ধরা, ডিজিটাল গল্পচর্চাকে উৎসাহিত করা এবং নাগরিক অধিকার ও প্রক্রিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা। প্ল্যাটফর্মটি নারী, যুবসমাজ, আদিবাসী জনগোষ্ঠী, অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং তৃণমূলের অধিকারকর্মীদের অর্থবহ ও আত্মবিশ্বাসীভাবে নাগরিক জীবনে অংশগ্রহণের সুযোগ করে দেবে।

উল্লেখ্য, ২০১৯ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাশেম নূর বাঁধন 'এরাইজ ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। প্রথমে শিশুদের নিয়ে কাজ করলেও বর্তমানে সংস্থাটি জলবায়ু, প্রান্তিক জনগোষ্ঠী ও মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়নমূলক কাজ করছে।

সিভিকশিল্ড টিমে যারা রয়েছেন: এই প্ল্যাটফর্মটি পরিচালনায় রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা হলেন: সাইয়াদা তাসনিম (গবেষণা ও পর্যবেক্ষণ), নাজনীন মুসফিকা (প্রশিক্ষণ ও যুব সম্পৃক্ততা), সুরমা আফরোজ মিলি (আইন ও অধিকার), আহসান হাবিব (অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য), বিশাখা সাহা (কনটেন্ট ও মিডিয়া), নাফিসা খুশি (অপারেশনস ও প্রশাসন) এবং অফসানা ইসলাম আর্ণিকা (ফাইন্যান্স ও একাউন্টস)।