ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩২ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেছেন, নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজে ক্যান্সারের মতো এক ভয়াবহ ব্যাধি। যা প্রতিরোধে সামষ্টিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, নারীর বিষয়ে সমাজের পুরুষের বিশেষ করে তরুণ সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও মানসিকতা থেকে আধুনিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সচেতনতার প্রয়োজন।
সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সব ক্ষেত্রে সম-অংশগ্রহণের সুযোগ করে না দিলে এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ না হলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না।
সোমবার (৮ ডিসেম্বর-২০২৫) হাবিপ্রবি’র ১নং অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতাসহ সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি অধ্যাপক অর্চনা অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতার।সাইবার বুলিং ও সামাজিক দৃষ্টিভঙ্গি, নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়’’—এই বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশগ্রহণ করেন হাবিপ্রবি শিক্ষার্থী নাফিসা তাবাসসুম, প্রশান্ত মল্লিক আর্নিকা।
বিপক্ষে দলে ছিলেন মনিরুজ্জামান, সামসুননাহার মম ও সাফি।বিচারক ছিলেন হাবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ এবং হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. কবির আব্দুল্লাহ্। বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন হাবিপ্রবি’র ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ নবী হোসেন (অলিপ)।আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন