ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৮ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার ২১ ডিসেম্বর সকাল ৯টায় কলা ও মানবিকী অনুষদ এবং আইন অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী প্রথম দিনে সি ইউনিটের ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
সেই হিসেবে এই ইউনিটে প্রতি একটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী যা বেশ প্রতিযোগিতামূলক।আজকের এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ছয়টি পৃথক শিফটে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রথম তিনটি শিফটে নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তী তিনটি শিফটে পুরুষ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করছেন। সকাল থেকেই অভিভাবক ও পরীক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।
ভর্তি পরীক্ষার ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামীকাল ২২ ডিসেম্বর বি ও ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ ডিসেম্বর সি১ ইউনিট এবং ডি ইউনিটের একাংশের পরীক্ষা গ্রহণ করা হবে। ডি ইউনিটের বাকি অংশের পরীক্ষা সম্পন্ন হবে ২৪ ডিসেম্বর। এছাড়া ২৮ ডিসেম্বর এ ইউনিটের একাংশ এবং আইবিএ-জেইউ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর এ ইউনিটের অবশিষ্ট অংশের পরীক্ষার মধ্য দিয়ে এবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন