শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দাওরায়ে হাদিস পরীক্ষায় দেশ সেরা ১০ মাদ্রাসা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৬:৫২ পিএম

দাওরায়ে হাদিস পরীক্ষায় দেশ সেরা ১০ মাদ্রাসা

দাওরায়ে হাদিস ফলাফল প্রকাশ

কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস বা মাস্টার্স সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এই ফল প্রকাশ করে। এবারের মেধা তালিকায় রাজধানী ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বাইতুল উলূম ঢালকানগর এবং চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার শিক্ষার্থীদের একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা গেছে। 

মেধা তালিকায় ছাত্রদের মধ্যে ৯৩২ নম্বর পেয়ে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন ঢালকানগর মাদ্রাসার শিক্ষার্থী খালেদ হাছান। তার থেকে মাত্র ৪ নম্বর কম পেয়ে ৯২৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার মো. আব্বাস।

মেধা তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ঢাকার জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুতাসিম বিল্লাহ এবং ঢালকানগর মাদ্রাসার মুহা: আবু রায়হান। 

চতুর্থ স্থানটি ৯২৪ নম্বর পেয়ে অধিকার করেছেন পটিয়া মাদ্রাসার মো. রফিকুল ইসলাম এবং পঞ্চম স্থানে রয়েছেন মাদারীপুরের শিবচরের জামিয়াতুস সুন্নাহর শিক্ষার্থী নূর মোহাম্মদ পায়েল। ষষ্ঠ স্থানে ৯২০ নম্বর পেয়ে অবস্থান করছেন ঢাকার দারুস সালামের মারকাযুল ফয়জিল কুরআনের আদনান আহমদ নাহিদ। সপ্তম স্থানে ৯১৯ নম্বর পেয়ে যৌথভাবে তিনজনের নাম এসেছে যারা হলেন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার মো. সাবির আহমাদ, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার মো. তানভীরুল ইসলাম এবং চাঁদপুরের উজানী মাদ্রাসার মো. জুবায়ের মোল্লা।

অষ্টম স্থানে ৯১৮ নম্বর পেয়ে যৌথভাবে রয়েছেন নারায়ণগঞ্জের জালকুড়ির জামিআ রাব্বানিয়ার মো. ইব্রাহীম হাওলাদার এবং ফতুল্লার জামিয়া আশরাফিয়ার মো. আরিফুর রহমান আরিফ। নবম স্থানে যৌথভাবে ৯১৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন মাদারীপুরের শিবচরের মো. আমির হামজা এবং ঢালকানগর মাদ্রাসার মো. হাবীবুর রহমান। 

তালিকার দশম স্থানে ৯১৬ নম্বর পেয়ে ঢাকার মালিবাগ জামিয়া শারইয়্যাহর মাহমুদ বিন হাসান, ঢালকানগর মাদ্রাসার সাদি হুযাইফা এবং নারায়ণগঞ্জের জাকারিয়া যৌথভাবে অবস্থান করছেন। এবারের ফলাফলে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মেধার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফুটে উঠেছে। ফলাফল প্রকাশের পর কওমি অঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।