এপ্রিল ৮, ২০২৬, ০৬:১৭ পিএম
দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ভুয়া ও জাল সনদে যারা শিক্ষকতা করছেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে সরকার।
সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম রোধে এনটিআরসিএ-র ভূমিকা আরও জোরদার করা হয়েছে।
এখন থেকে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএ-র মাধ্যমেই সম্পন্ন হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের র্যাংকিং সিস্টেম বা মানক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর আধুনিক পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি এবং প্রতিটি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা হচ্ছে। এ ছাড়া শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করতে বর্তমান শূন্য পদগুলোর তালিকা দ্রুতই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (বিপিএসসি) পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
শিক্ষা প্রশাসনে সুশাসন নিশ্চিতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ চালুর বিষয়ে মন্ত্রী আলোকপাত করেন। এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি ও নিয়মিত পাঠদান কার্যক্রম সরাসরি তদারকি করা হচ্ছে। আগামী অর্থবছর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন’ বা প্রভাব মূল্যায়ন ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের শিক্ষার প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।
ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার বর্তমানে কাজ করছে। শিক্ষার সামগ্রিক পরিবেশ সুন্দর করতে সরকার কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না বলে তিনি কঠোর বার্তা দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন