এপ্রিল ৯, ২০২৬, ০৩:৫৪ পিএম
ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি চৌধুরী অর্ণবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মাহি চৌধুরী ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ছিলেন।
প্রতারণার অভিযোগে সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম এদিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে ভুক্তভোগীরা তাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, মাহি চৌধুরীর সঙ্গে ভুক্তভোগী শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয় ফেসবুকের একটি ইনভেস্টর গ্রুপের মাধ্যমে। সেই পরিচয়ের সূত্র ধরে গত ১ মার্চ মাহি ভুক্তভোগীর বাসায় গিয়ে ‘ক্যাটফুড অ্যান্ড এক্সেসরিজ’ ব্যবসায় বড় অংকের লাভের প্রলোভন দেখিয়ে বিনিয়োগের প্রস্তাব দেন। হিমেল সেই প্রস্তাবে রাজি হয়ে গত ২ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে বিভিন্ন ধাপে মাহির দেওয়া দুটি ব্যাংক হিসাবে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা পাঠান। কিন্তু টাকা পাওয়ার পর থেকে মাহি টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে ২ এপ্রিল রাতে মাহি পুনরায় ভুক্তভোগীর বাসায় গিয়ে জানান যে, তার বাবা এসে বিষয়টি সমাধান করবেন। তবে নির্ধারিত সময়ে সমাধান না করে তারা ফোনে জানান যে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। এই ঘটনায় গত ৫ এপ্রিল ভুক্তভোগীর ভাই মো. সামসুল হক তুষার বাদী হয়ে কাফরুল থানায় একটি প্রতারণা মামলা করেন। ছাত্রদলের মতো একটি সংগঠনের পদধারী নেতার এমন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে তাকে এই বিপুল পরিমাণ অর্থ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন