সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৭:২৫ পিএম

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিশেষ সচেতনতামূলক ও মোটিভেশনাল কার্যক্রম পরিচালনার জরুরি নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে এই সংক্রান্ত একটি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়। 

মূলত কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার লক্ষ্যে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন এই নির্দেশনার অন্যতম প্রধান লক্ষ্য হলো সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে অকারণে ঘোরাঘুরি কমিয়ে তাদের নিয়মিত পড়ার টেবিলে ফিরিয়ে আনা। 

এ জন্য প্রতিটি কলেজকে তাদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে নিজস্ব ব্যবস্থাপনায় মোটিভেশনাল প্রোগ্রাম বা সচেতনতামূলক সভার আয়োজন করতে হবে।কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ এবং সহপাঠ্য কার্যক্রমে উৎসাহ প্রদানের ওপর এখন থেকে আরও বেশি জোর দিতে হবে। বিশেষ করে কিশোর অপরাধের প্রবণতা এবং মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে এই ধরনের সামাজিক সচেতনতা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) সরাসরি আদেশক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব কলেজ প্রধানকে অনুরোধ জানানো হয়েছে।শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, শুধুমাত্র ক্লাসের গতানুগতিক পড়াশোনা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের এখন সক্রিয় ভূমিকা প্রয়োজন। 

সন্ধ্যার পর বা রাতে যেন কোনো শিক্ষার্থী ঘরের বাইরে অকারণে আড্ডা না দেয় এবং পড়াশোনায় পর্যাপ্ত সময় ব্যয় করে, সে বিষয়টি সংশ্লিষ্টদের নিশ্চিত করতে বলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সময়োপযোগী উদ্যোগ দেশের উচ্চশিক্ষা স্তরের শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনবে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।