রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে নবীনদের ওরিয়েন্টেশন কাল, থাকছেন শিক্ষামন্ত্রী

মোঃ রাহাত হোসেন

এপ্রিল ১৬, ২০২৬, ০৭:২৯ পিএম

হাবিপ্রবিতে নবীনদের ওরিয়েন্টেশন কাল, থাকছেন শিক্ষামন্ত্রী

হাবিপ্রবিতে নবীনদের বরণ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের লেভেল-১ ও সেমিস্টার-১ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের আসন গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে প্রধান ও বিশেষ অতিথিদের বরণ এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ ও স্বাগত বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। বক্তাদের তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান শিক্ষার্থীদের বিভিন্ন শৃঙ্খলা ও পরামর্শমূলক তথ্য দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে একাধিক সংসদ সদস্যও উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মো. মনজুরুল ইসলাম মঞ্জু এবং হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। তাদের বক্তব্য নবীন শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

ওরিয়েন্টেশন ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান অতিথির ভাষণ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১টায় সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই আয়োজনের। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম এই আনুষ্ঠানিক আয়োজনে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। নবীনদের পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।