রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীদের সুখবর দিলেন ববি হাজ্জাজ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৩ এএম

উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীদের সুখবর দিলেন ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার সকালে রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে সরকারের নীতিগত পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। 

বিশেষ করে ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে সরকার তা অবশ্যই করবে। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে যা যা করা দরকার, তার সবই এই সরকার করতে বদ্ধপরিকর।

বৃত্তি পরীক্ষা নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও অভিভাবকদের পড়ালেখার প্রতি আরও উৎসাহিত করা। 

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে কোনো ধরনের উৎসাহ দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার পিছিয়ে যেতে চায় না।এ সময় তিনি পরীক্ষার নীতিমালা প্রসঙ্গে কথা বলেন। ববি হাজ্জাজ জানান, সরকারি ও বেসরকারি কোটা সংক্রান্ত বিষয়গুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিমালার আলোকেই নির্ধারিত হচ্ছে। বর্তমান সরকার এই পরীক্ষার চলমান ধারাকে অব্যাহত রেখেছে এবং যেহেতু এই প্রক্রিয়াটি আগে বাতিল হয়নি, তাই বর্তমান সরকারও এটি বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি।

শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৃত্তি পরীক্ষা এবং উপবৃত্তির মতো বিষয়গুলো শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের কর্মকর্তাদের তদারকিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।