এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৫৪ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে লেভেল-১ ও সেমিস্টার-১-এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নবাগত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ নজরদারি সেল গঠন করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে তাদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে, তা এই সেলের মাধ্যমে সরাসরি তদারকি করা হবে। তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবকিছু নিজে পর্যবেক্ষণ করার ইচ্ছা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে দেশে বর্তমানে শিক্ষার্থীর কোনো সংকট নেই, তবে আন্তর্জাতিক মানের শিক্ষার অভাব রয়েছে। তিনি কেবল অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা বিভিন্ন আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, ফেসবুকে তার বিরুদ্ধে কিছু ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি শিক্ষার্থীদের যেকোনো তথ্য যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের একাধিক সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ট্রেজারার এবং প্রো-ভাইস-চ্যান্সেলরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও ওরিয়েন্টেশন কার্যক্রম শেষ হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন