মে ৫, ২০২৬, ১২:২৫ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলায় মাত্র চারজন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশ নিলেও হাবিপ্রবির অংশগ্রহণ সীমিত বলে তারা অভিযোগ করেছেন।
ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল দলের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই বলে দাবি শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আচরণ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।পূর্বে প্রক্টর কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছিল। তখন তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।
শিক্ষার্থীরা খেলাধুলায় সমান সুযোগ ও প্রয়োজনীয় বাজেট বৃদ্ধির দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বিত ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালুর আহ্বানও জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের কর্মকর্তা মাহবুব-উল-হাসান বক্তব্য দিয়েছেন। তিনি জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য হাবিপ্রবির শিক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা পুরোপুরি অর্জিত হয়নি। ইচ্ছা থাকলেও এ কারণে পর্যাপ্ত শিক্ষার্থী পাঠানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।শিক্ষার্থীদের মান উন্নয়নে কোচ বা প্রশিক্ষক নিয়োগের প্রস্তাব ছিল।
কিন্তু জনবল সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না। মাহবুব-উল-হাসান জানান, যারা এসব প্রতিযোগিতায় ভালো করেন, তারা স্কুল জীবন থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন। স্বল্প সময়ের প্রশিক্ষণে তাদের সমমানের দক্ষতা তৈরি কঠিন।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে একটি ফিটনেস ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছে শরীরচর্চা বিভাগ। বর্তমানে কয়েকজন শিক্ষার্থীকে লক্ষ্যভিত্তিক প্রস্তুত করা হচ্ছে, যারা আগামী টুর্নামেন্টগুলোতে ভালো ফলাফল করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় সংখ্যার নির্দিষ্ট সীমা থাকায় বেশি শিক্ষার্থী পাঠানো যায় না বলে জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন