মে ১৭, ২০২৬, ০৩:০৯ পিএম
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনার সূত্রপাত হয়। নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট বর্তমানে ক্যাম্পাসে কাজ করছে।স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই নিয়োগের অফিশিয়াল প্রজ্ঞাপন জারি হওয়ার পর ওইদিন রাতেই ক্যাম্পাসের ভেতর সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। আজ রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলনের জন্য জড়ো হলে কিছু বহিরাগত লোক নতুন ভিসির পক্ষ নিয়ে সেখানে আসেন।
ক্যাম্পাসে এসে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানের ভেতর থেকেই কাউকে উপাচার্য করা উচিত। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, নতুন উপাচার্য নিয়োগ নিয়ে গত দুই দিন ধরে চলা উত্তেজনা নিরসনে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন