মে ১৮, ২০২৬, ১০:৫৪ পিএম
বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের পাশে থাকতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সোমবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।যৌথ সভায় সভাপতিত্ব করেন ইউজিসির রুটিন দায়িত্বে থাকা চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
প্রফেসর আনোয়ার হোসেন দুই দেশের যৌথ গবেষণা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা এবং শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে। দেশের প্রায় ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্পন্ন শিক্ষা, তুলনামূলক সাশ্রয়ী ব্যয় এবং নিরাপদ পরিবেশের কারণে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সংখ্যার বিচারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান এখন তৃতীয়, যাদের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। মালয়েশিয়ার রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যাপক সুযোগ রয়েছে।
এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা নভি তাজউদ্দীন জানান, গত বছরের তুলনায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুণগত শিক্ষা ও আধুনিক একাডেমিক পরিবেশের কারণে এই আগ্রহ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার হায়ার এডুকেশন লিডারশিপ একাডেমির পরিচালক ড. হারশিতা আইনি হারুন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন