মে ২৫, ২০২৬, ১১:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চায়ের দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী অভয় কুমার সিংহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় রবীন্দ্র ভবনের নিচের এক দোকানে তিনি পা তুলে বসলে অভিযুক্তরা তার সাথে দুর্ব্যবহার করেন।
পরে রুমে গিয়েও তাকে শারীরিক নির্যাতন ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকার। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে চন্দন দাস দাবি করেছেন, সেখানে শুধু কথা-কাটাকাটি হয়েছে।
ঘটনাটি তদন্তে হল প্রশাসন একটি কমিটি গঠন করেছে।জগন্নাথ হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, বিষয়টি জানার পর রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল প্রাং জানিয়েছেন, প্রক্টর অফিসের প্রতিনিধিও তদন্তে যুক্ত রয়েছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ছাত্রদলের বিজ্ঞপ্তিতে তিন নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে আধিপত্য ও গেস্টরুম সংস্কৃতি ফেরানোর অপচেষ্টা থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন নজরদারি বাড়িয়েছে।তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন