জুন ১৬, ২০২৬, ১২:৫৪ পিএম
চতুর্থ শ্রেণিতে আগামী বছর থেকে নতুন দুই বিষয় যুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে ‘শিল্প ও সংস্কৃতি’ এবং ‘ক্রীড়া’ নামের এই বিষয় দুটি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা নামের মোট ছয়টি বিষয় পড়ানো হয়ে থাকে।
নতুন দুই বিষয় চালুর ফলে শিক্ষার্থীদের ওপর পাঠ্যচাপ বাড়ার আশঙ্কা করছেন দেশের অনেক শিক্ষাবিদ।প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানান যে নতুন বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও বিভিন্ন ক্রীড়া কার্যকমে সুশৃঙ্খলভাবে পরিচিত করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মুহাম্মদ আবু নাছের টুকু বলেন যে নতুন দুটি বইয়ের প্রতিটির পৃষ্ঠা সংখ্যা ৮০ থেকে ১০০-এর মধ্যে হতে পারে। এই নতুন বই দুটি মুদ্রণ ও বিতরণে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৫০ টাকা। দেশে বর্তমানে চতুর্থ শ্রেণিতে প্রায় ৪৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করায় নতুন বই ছাপাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন যে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই প্রাথমিক স্তরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম মনে করেন যে আরও দুটি বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ অনেক বেড়ে যেতে পারে। তাই নতুন বিষয় সংযোজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত সক্ষমতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মৌলিক বিষয়গুলো ভালোভাবে শেখানোর পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে শুধু চতুর্থ শ্রেণিতেই নয়, মাধ্যমিক স্তরেও শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে দুটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন