সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

চট্টগ্রাম বোর্ডে আজকের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১০:২৮ এএম

চট্টগ্রাম বোর্ডে আজকের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এদিকে, টানা দুই দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রাম নগরী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। ভারী বর্ষণ ও পাহাড়ধসে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে।