জুলাই ১০, ২০২৬, ০৬:৩১ পিএম
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে পরীক্ষার্থীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এই সময়ে কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষার জন্য কেন্দ্রে রওনা না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো নিয়মিত মনিটরিং করছে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের বোর্ড ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন