জুলাই ১৪, ২০২৬, ০৪:০৭ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।চলমান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত জানানো হয়।কোনো শিক্ষার্থী যেন এই ভুলের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী অধিবেশনে স্পষ্ট করে বলেন, পদার্থবিজ্ঞানের ভুল দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে। পরীক্ষা পদ্ধতির এই ভুল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে মন্ত্রণালয় দ্রুততম সময়ে এই প্রতিকারমূলক ব্যবস্থা নিশ্চিত করেছে।
মন্ত্রীর এই ঘোষণার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ ও বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন