জুলাই ১৮, ২০২৬, ১১:২৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ঝিহুয়া ঝাংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। গত ১৪ জুলাই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন সুমাইয়া নিজেই।বিশ্ববিদ্যালয় অঙ্গনে এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সুমাইয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এর আগেও ক্যাম্পাসে নানা কারণে আলোচিত ছিলেন। টিউশনির ঝঞ্ঝাট এড়াতে বিশ্ববিদ্যালয়ে পিঠা বিক্রির উদ্যোগ নিয়ে তিনি ব্যাপক সাফল্য ও পরিচিতি পেয়েছিলেন। সর্বশেষ গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে তিনি নবাব ফয়জুন্নেসা হল থেকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যদিকে, বর ঝিহুয়া ঝাং চীনের শানদং প্রদেশের জিনানের বাসিন্দা। তিনি শানদং বিশ্ববিদ্যালয়ের তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছরের জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। এর আগে তিনি বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুমাইয়া আক্তার জানিয়েছেন, প্রফেসর ঝিহুয়া ঝাং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সবার সম্মান কামনা করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীর এমন পরিণয় ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন